কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এই দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মাসুদ করিম লাল্টু মোল্লা (৪২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের আরও অন্তত ১৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত দুই গ্রুপের সংঘর্ষ চলছে। নিহত মাসুদ করিম লাল্টু মোল্লা কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের সোহরাব উদ্দিন মোল্লার ছেলে ও সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিনের সমর্থক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে দহকুলা বাজারে একটি চায়ের দোকানে বসেছিল আওয়ামী লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সিরাজ উদ্দিনের কর্মী-সমর্থকরা। এ সময় কোনো কিছু বুঝে উঠার আগেই বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান বিশ্বাসের কর্মী-সমর্থকরা হামলা চালায়। এ সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় মাসুদ করিম লাল্টু মোল্লাকে কুপিয়ে জখম করে তারা। তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় আওয়ামী লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সিরাজ উদ্দিনের সমর্থক আসাদুল মেম্বার, ইদালী, মনু মোল্লা, মুলাম হোসেন জখম হয় ও পল্টন নামে এক সমর্থক মাথায় গুলিবিদ্ধ হয়। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন চৌধুরী জানান, সকালে সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

