রাজশাহী প্রতিনিধি : নবম শ্রেণির ছাত্রী শাকিলা খাতুন। দারুণ মেধাবী সে। ক্লাশ রোল এক। অথচ এই বয়সেই মেধাবী শাকিলার বিয়ের আয়োজন করেছিলেন তার বাবা। বিষয়টি মেনে নিতে পারেননি গ্রামের মানুষ। তাই খবর দিয়েছিলেন পুলিশে।
অবশেষে পুলিশ অভিযান চালিয়ে শাকিলার বিয়ে আটকে দিয়েছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে শাকিলার বাবা লাল মোহাম্মদকে।
শাকিলার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালসা ডাকাতপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, বুধবার একই গ্রামের নইমুদ্দীনের ছেলে ইসমাইল হোসেনের (৪৫) সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়েছিল।
পরে খবর পেয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনির হোসেন হানা দেন। এ সময় তারা বিয়ের আসর পণ্ড করে দেন। পাশাপাশি বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে শাকিলার বাবা লাল মোহাম্মদকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন।
শাকিলা জানায়, সে পড়াশোনা করে অনেক দূর এগোতে চায়। নিজের পায়ে দাঁড়াতে চায় সে। ইচ্ছের বিরোদ্ধে বিয়ের আয়োজন করেছিল তার। বিয়ে বন্ধ হওয়ায় এখন সে অনেক খুশি।

