বগুড়া প্রতিনিধি : সারিয়াকান্দিতে পিকনিকের টাকা ভাগবাটোয়ারা নিয়ে বন্ধুদের ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্র রুমান মিয়া (২৩) মারা গেছেন।
বুধবার গভীর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমানের মৃত্যু হয়। নিহত রুমান নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামের পিন্টু মণ্ডলের ছেলে এবং সৈয়দ আহম্মেদ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর বিজয়ী মেম্বার প্রার্থী তার কর্মীদের পিকনিক করার জন্য ২০ হাজার টাকা দেয়। সেই টাকায় পিকনিক হওয়ার পরে নিহত রুমান ও শাকিনের কাছে অন্য বন্ধুরা হিসাব নিকাশ চাচ্ছিল। এ নিয়ে ২৩ এপ্রিল রাত ১০টার দিকে পিকনিকের টাকার হিসাব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ সময় রুমান, সাহেদ ও শাকিনকে ছুরিকাঘাত করে তাদের বন্ধুরা। আহত অবস্থায় দু’জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রুমানের অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান জানান, এ ঘটনায় থানায় ২৪ এপ্রিল মামলা হয়েছে। ওই মামলা হত্যা মামলায় রুপান্তর হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

