নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীপুত্র ও আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ।
সোমবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে ওই হত্যা পরিকল্পনাকারীদের ফাঁসির দাবি উত্থাপন করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
‘মুজিব থেকে সজীব’ উল্লেখ করে মানববন্ধন থেকে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশের স্বাধীনতার রূপকার, আর সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন ৭১’র পরাজিত শত্রু জামায়াত ও দোসর বিএনপি দেশ ও শেখ পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।
বক্তারা বলেন, ‘ষড়যন্ত্রেই অংশ হিসেবে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, সাংবাদিক নামের কলংঙ্ক শফিক রেহমান ও মাহমুদুর রহমান গংরা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার পরিকল্পনা করেছিল।’
সংগঠনটির নেতারা বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে পরাজিতরা যেমন দেশকে পুনরায় ধ্বংস করতে চেয়েছিল, ঠিক একইভাবে বর্তমান সময়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে।’
বক্তারা মানববন্ধন থেকে সজীব ওয়াজেদ জয়ের হত্যা পরিকল্পনাকারী তারেক রহমান, সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের ফাঁসির দাবি জানান।
বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের সভাপতি মো. শাহেদুল আলম চৌধুরী টিপুর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের সাধারণ সম্পাদক মো. খালেদ সোবাহান চৌধুরী নাসিম ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. সালাহ উদ্দিন ভূইয়া প্রমুখ।

