নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ১৪২৩ সন দেশ ও জাতির জন্য বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি এবং উন্নয়নের নিরবিচ্ছিন্ন ধারা। বুধবার বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, ‘আমাদের হাজার বছরের ঐতিহ্যের ইতিহাসে জাতি সবসময় পহেলা বৈশাখকে বরণ করে নেয়ার আনন্দে মেতে ওঠে। আমরা সীমাহীন সমস্যার মধ্যেও নববর্ষকে স্বাগত জানাই উৎসবের আমেজ নিয়ে।’
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘বিগত ১৪২২ সালের তিক্ত অভিজ্ঞতাকে মুছে ফেলে আমরা আগামী বছরের সময়টুকুকে স্মরণীয় করে রাখতে চাই বিপন্ন দেশ ও জাতিকে রক্ষা করার মধ্য দিয়ে। সন্ত্রাসমুক্ত সমাজ, হিংসা হানাহানির অবসান এবং অর্থনৈতিক মুক্তি ও সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে যে কোন ত্যাগ স্বীকারের অঙ্গীকার গ্রহণ করতে হবে নতুন বছরের শুরুতেই।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘নতুন বছরে জনজীবনের পুঞ্জীভূত সমস্যার সমাধানে অগ্রগতি হবে এবং উন্নয়ন ও সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত করে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।’

