নিজস্ব প্রতিবেদক : পয়লা বৈশাখে রাজধানীতে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের করবে করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হবে। দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টায় বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হবে শোভাযাত্রা। শেষ হবে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ শোভাযাত্রায় উপস্থিত থাকবেন। শোভাযাত্রায় বাঙালির লোকজ সংস্কৃতির নানা বিষয় শোভা পাবে।
এরপর সকাল ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও উপদেষ্টা পরিষদের নেতারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন।
এ ছাড়া নববর্ষ বরণ উপলক্ষে আওয়ামী লীগের সব শাখা, সংগঠন, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বার্তায় বাংলা শুভ নববর্ষ ১৪২৩ উপলক্ষে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি নববর্ষকে বরণ করে দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন জাতীয় অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে সকল সঙ্কীর্ণ ভেদাভেদ ভুলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জেগে উঠি, দিনবদলের সংগ্রামে ইষ্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলি। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলার সংগ্রামে নবজাগরণ সৃষ্টি করি; গড়ে তুলি বাঙালি জাতির আলোকজ্জ্বল ভবিষ্যৎ।’

