বান্দরবান প্রতিনিধি : নিখোঁজের দুই দিন পর বান্দরবানে মংনু মারমা (৩২) নামে এক মেম্বর প্রার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে বান্দরবান শহরের প্রু আবাসিক হোটেলের ৫নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে, গত রোববার বিকেলে নির্বাচনী পোস্টার নেয়ার জন্য বান্দরবানে আসার পর নিখোঁজ হন তিনি।
নিহত মংনু মারমার বাড়ি রুমা উপজেলার নিয়াক্ষ্যং এলাকায়। তিনি উপজেলার পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য প্রার্থী এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িদ ছিলেন।
পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উহ্লামং মারমা জানান, বান্দরবানে যাওয়ার পরদিন সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত মুঠোফোন খোলা থাকার পরও মংনু মারমার সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ ব্যাপারে তার স্ত্রী শৈমাসং মারমা রুমা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মংনু মারমার বড় ভাই সেচ্ছাসেবক লীগ নেতা মইনু মারমা জানান, এবার পউন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রার্থী হয়েছিল মংনু। রোববার পোস্টার আনার জন্য বান্দরবানে গেলে নিখোঁজ হয় মংনু। রাতে তার সঙ্গে মোবাইলে কথা হলেও এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। পরে যোগাযোগ করে তারা জানতে পারেন, সে পোস্টারগুলো দোকান থেকে সংগ্রহ করেনি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সকালে রুমা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে প্রু আবাসিক হোটেলের ৫নং কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি তারা তদন্ত করছেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাশেদুল ইসলাম জানান, প্রতিপক্ষের লোকজন ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

