নিজস্ব প্রতিবেদক : সদ্য ঘোষিত ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকগণ ধানমণ্ডিস্থ ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এ সময় তাদের সঙ্গে ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং মহানগরের অন্তর্গত বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ।
সকাল ১১টা ৫ মিনিটে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর উত্তরের নেতারা এবং সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।
এ সময় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক বলেছেন, ‘বর্তমান কমিটি অনেক শক্তিশালী হয়েছে। তৃণমূলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ড থেকে থানা সব পর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই তদারকি করেছে। এখন থেকে এ কমিটির সঙ্গে তরুণ প্রজন্মের নেতারা সক্রিয় হয়ে কাজ করতে পারবে। দলের প্রয়োজনে কার্যকর ভূমিকা রাখতে রাখতে পারবে তারা।’
ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি এ কে এম রহমত উল্লাহ বলেন, ‘আমরা কোনো গ্রুপিং এ বিশ্বাস করি না। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। আগামী নির্বাচনে শক্তিশালী জনমত গঠনে কাজ করব আমরা।’
ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি আবুল হাসনাত বলেন, ‘আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এ কমিটি অনেক ভালো হয়েছে।’
ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহে-আলম মুরাদ বলেন, ‘অতীতে যে কোনো আন্দোলন-সংগ্রামে উজ্জ্বল ছিল ঢাকা মহানগর আওয়ামী লীগ। এ কমিটিও সেভাবে কাজ করে যাবে। সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকবে। বিএনপি-জামায়াতসহ সব অপশক্তি মোকাবেলায় আমরা তৃণমূলকে আরও শক্তিশালী করব।’

