নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের ঘোষিত নতুন কমিটি অত্যন্ত শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সৈয়দ আশরাফ বলেন, আজ যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেটা অত্যন্ত শক্তিশালী হবে। আন্দোলন ও আগামী নির্বাচনে এই কমিটি অত্যন্ত দৃঢ় ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহানগর আওয়ামী লীগসহ থানা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যন্ত কমিটি অনুমোদন করেছেন।
কমিটি ঘোষণার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন সৈয়দ আশরাফ। পাশাপাশি ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন মেয়র মোহাম্মদ হানিফকেও স্মরণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ড. আবদুর রাজ্জাক, কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুখ খান, আফজাল হোসেন, ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, প্রচার ও প্রকাশনা বিষয়ক উপসম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম, এস এম কামাল, ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। এ ছাড়া ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

