
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। পাশে মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক : কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কর্তৃক আয়োজিত “Sustainable Agriculture : Bangladesh Context” শীর্ষক সেমিনার আজ শনিবার কেআইবি কমপ্লেক্সের ৩-ডি হলে অনুষ্ঠিত হয়েছে। কেআইবি’র কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. নিতীশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেআইবি’র মহাসচিব কৃষিবিদ মো. মোবারক আলী। মূল প্রবন্ধ উপস্থপন করেন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ড. জাহাঙ্গীর আলম খান। মূল্যবান আলোচনায় অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান এবং কেআইবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৃষিবিদ এএমএম সালেহ।

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন কেআইবি’র মহাসচিব কৃষিবিদ মো. মোবারক আলী । পাশে মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, টেকসই কৃষির জন্য ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করতে হবে। একটি সেমিনারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া অত্যন্ত কঠিন। এ লক্ষ্যে আরও সেমিনারের আয়োজন এবং গবেষণা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, টেকসই কৃষি শুধুমাত্র কৃষি খাতকেই নির্দেশ করে না, এটি মৎস্য, প্রাণিসম্পদ, পরিবেশ ও বনসহ অন্যান্য খাতের সাথেও সম্পর্কিত। এ কারণে সংশ্লিষ্ট সকল সেক্টরের উন্নয়নে সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্বারোপ করেন তিনি।

