স্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের ক্রিকেটে চলছে এখন ক্রান্তিকাল। দেশে ফেরার পর অধিনায়কত্ব ছেড়েছেন শহীদ আফ্রিদি। এরপর মূল কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়িয়েছেন ওয়াকার ইউনুসও। টি২০ অধিনায়ক হিসাবে সরফরাজ আহমদকে নিয়োগ দিয়েছে পিসিবি। তবে মূল কোচের আসনটি এখনও ফাঁকা। কে হবেন, পাকিস্তানের পরবর্তী কোচ, তা নিয়ে চলছে গুঞ্জন। তবে এরই মধ্যে ভারতের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলি পাকিস্তানের কোচ হওয়ার বাসনা ব্যক্ত করেছেন।
সেটা অবশ্য নিজের টুইটারে। পাকিস্তানী এক সাংবাদিকের কাছে বিনোদ কাম্বলি জানিয়েছেন তার মনোবাসনা। আসমা সিরাজী নামের এক সাংবাদিককে উদ্দেশ্য করে কাম্বলি টুইট বার্তায় বলেছেন, ‘স্লামুআলাইকুম আসমাজি, শুনলাম পিসিবি হেড কোচ খুঁজছে, আমি প্রস্তুত আছি’।
এমন টুইটের জবাবে আজিম আসিম মুঘল নামে একজন রিটুইট করেছেন। তাতে তিনি যা লিখেছেন, তার মর্মার্থ হলো, পাকিস্তান এমন দল যেখানে খুব বেশী টাকা-পয়সা দেয় না। সেখানে এই ভয়ংকর দেশে কিভাবে জীবন-যাপন করবেন। এমন টুইটের জবাবে বিনোদ কাম্বলি অবশ্য বলেছেন, ‘ভাইজান সালাম। আমি বেকার নই। তাছাড়া ওয়াসিম আকরাম যদি আইপিএলের হেড কোচ হতে পারে, তাহলে আমি কেন নই।’
বিনোদ কাম্বলির বড় পরিচয় তিনি শচীন টেন্ডুলকারের শৈশবের বন্ধু। এক সঙ্গে খেলেছেন স্কুল ক্রিকেট। প্রবল সম্ভাবনা থাকা সত্তেও জাতীয় দলের হয়ে তেমন আলো ছড়াতে পারেননি। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ১৭ ম্যাচে তার রান ১০৮৪। গড় ৫৪.২০। ১০৪ ওয়ানডে তার রান ২৪৭৭। গড় ৩২।
তবে মোদ্দা কথা, বিনোদ কাম্বলির এমন প্রস্তাব একপ্রকার কৌতুকই। কারণ তিনি জানেন, এটা সম্ভব নয়। পাকিস্তান দল এমনিতেই চাইবে না। আর চাইলেও বিনোদ কাম্বলি কোচ হবেন না পাকিস্তানের। কারণ দুই দেশের তিক্ত কুটনৈতিক সম্পর্ক সবারই জানা।

