বিনোদন ডেস্ক : সম্প্রতি তুচ্ছ একটি মন্তব্যকে কেন্দ্র করে ঋত্বিক-কঙ্গনার মধ্যে আইনি নোটিশ চালাচালি হলেও, বিষয়টা সেখানেই শেষ হতে পারত। কিন্তু না, দু’জনের আইনজীবীর যুদ্ধাংদেহি মনোভাবের কারণে তা আর সেখানে আটকে থাকছে না। কারণ বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের আইনজীবী রিজওয়ান সিদ্দিকী ইতিমধ্যেই বলেছেন, তার মক্কেল চাইলেই অন্তত ১০ বছর জেল খাটতে হবে ঋত্বিক রোশানকে। এমন হুমকি হজম করতে না করতেই, ঋত্বিক রোশনের আইনজীবীকে কঙ্গনার আইনজীবী এবার জানিয়েছেন ‘হয় আইনি নোটিশ ফিরিয়ে নাও; নয়তো আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।’ এমন পরিস্থিতিতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন ঋত্বিক, কি করবেন বুঝেও উঠতে পারছেন না।
দিনে দিনে ঋত্বিক রোশন আর কঙ্গনা রনৌতের বিরোধ, পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি বিরাট আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি আইনি নোটিশের পর তর্কযুদ্ধেও নেমেছেন দুজনের আইনজীবী। যদিও কঙ্গনা চাইছেন, এই বিরোধের একটা গতি হোক, তবে তাল গাছটা তারই চাই। সেটা হুমকিতে কিংবা আদালতের মধ্যস্থতায়। আর এ কারণেই ঋত্বিক রোশনের আইনজীবীকে কঙ্গনার আইনজীবী জানিয়েছেন ‘হয় আইনি নোটিশ ফিরিয়ে নাও; নয়তো আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।’
এদিকে কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিক বলছেন, নোটিশ তুলে নেওয়া বা ফিরিয়ে নেওয়া বিষয়টাই এখন একমাত্র সমাধান। তাছাড়া হৃতিক এখনো তাদের পাঠানো নোটিশের জবাব দেননি। অথবা আগের নোটিশটি ফিরিয়েও নেননি।

