স্পোর্টস ডেস্ক : মনের ভাব প্রকাশের প্রধানতম বাহন ভাষা। যা একই সমাজের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনে সহায়তা করে। কোনো ভাষা মানুষের জন্মগত বৈশিষ্ট্য। আবার কিছু ভাষা পরিবেশনির্ভর। সময়ের চাহিদা অনুযায়ী শিখে নিতে হয় নতুন নতুন ভাষা। আইপিএলে খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমানও শিখে ফেলবেন হিন্দি ভাষা!
সানরাইজার্স হায়দরাবাদে যুবরাজ সিং, আশিষ নেহরাদের সঙ্গে থেকে মনের ভাব প্রকাশ করতে গিয়ে হিন্দি ভাষাটাও রপ্ত করে ফেলতে পারেন বাংলাদেশের কাটার বয়। ইংরেজি ভাষায় খুব একটা অভ্যস্ত নয় বলে প্রতিবেশী দেশটির ভাষা শিখে নেয়া অতটা কঠিন হবে না মুস্তাফিজের!
এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, খেলা নিয়ে মুস্তাফিজের সমস্যা হবে না। তবে হিন্দি-ইংরেজিতে মুস্তাফিজ খুব একটা অভ্যস্ত নয় বলে ভাষা নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। সাকিব আল হাসানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে খেললে হয়তো এ ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হতো না কারোরই। তা ছাড়া কলকাতার মানুষের ভাষাও তো বাংলা।
মুস্তাফিজের ‘হিন্দি ভাষা’ নিয়ে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ হিন্দি ভাষাতে অতটা অভ্যস্ত নয়। ইংরেজিতেও ঠিক তেমনই। খেলা নিয়ে সমস্যা না হলেও এটা একটা সমস্যা হলেও হতে পারে তার জন্য! তবে দলের সবাই নিশ্চয়ই তাকে সাহায্য করবে। এ ছাড়া মুস্তাফিজের সঙ্গে কথা বলে মনে হয়েছে যে এটা নিয়ে খুব একটা চিন্তিত নয় সে।’

