স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ, চেনা পরিবেশ। গ্যালারির দর্শক। ম্যাচের শুরুতেই ঝলক। সবকিছুই ছিল বায়ার্নের পক্ষে। বিধিরাম, এ কী হলো? শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখকে জিততে হলো বেশ কষ্ট করে!
অ্যালিয়েঞ্জ আরিনায় মঙ্গলবার রাতে আরতুরো ভিদাল নৈপুণ্যে বেনফিকাকে তারা হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিতে অবশ্য সেমিফাইনালের টিকিট পকেটে পুরতে অনেকটা এগিয়ে থাকল পেপ গার্দিওলার দল।
খেলা শুরু হতেই আক্রমণের মিশনে নামে বায়ার্ন। সফরকারী বেনফিকা নাকাল হওয়ার পালা। হ্যাঁ, ম্যাচের দুই মিনিটের মাথায় ঠিকই নাকাল হয়েছে তারা। হার মেনেছে আরতুরো ভিদালের কাছে। বাম প্রান্ত থেকে হুয়ান বার্নাটের বাড়িয়ে দেয়া বল দুর্দান্ত এক হেডে বেনফিকার জালে জড়ান চিলিয়ান এই তারকা।
২৮ বছর বয়সী বায়ার্ন মিডফিল্ডারের গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। এরপর অবশ্য বেনফিকার খেলোয়াড়দের জ্বালাটাই সহ্য করতে হয়েছে স্বাগতিকদের। গোলের জন্য মরিয়া ছিল সফরকারীরা। ভাগ্যদেবী বেনফিকার দিকে হাত বাড়াননি। নিয়েছেন মুখ ঘুরিয়ে! পরাজয় তো সঙ্গী হবেই।

