স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। সুপারপর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০তে ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট লাভ করেন তিনি। বিশ্বকাপ পর্ব শেষ। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতাতে আজ মঙ্গলবার বিকেলে ভারত যাচ্ছেন মুস্তাফিজ। খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত মুস্তাফিজ। মিডিয়াকে তিনি বলেন, ‘আইপিএলের মতো বড় আসরে খেলতে যাচ্ছি, অবশ্যই ভালো লাগছে।’
মুস্তাফিজের মতো সাকিব আল হাসানও ভারত যাচ্ছেন আজ। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কয়েক বছর ধরেই শাহরুখ খানের দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবারও চাইবেন নিজেকে মেলে ধরতে।
গত বছর সাকিবই ছিলেন আইপিএলে খেলতে যাওয়া বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। এবার সাকিবের সঙ্গে যোগ দিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। এই দুই প্রতিনিধি বাংলাদেশের সুনাম বয়ে আনবেন, ভক্তদের প্রত্যাশা এমনই।

