ঢাকাMonday , 4 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির বিক্ষোভ আদালত অবমাননার সামিল

Link Copied!

Hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে বিএনপির ডাকা বিক্ষোভ মিছিল মহামান্য আদালতকে অবমাননা করারই সামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডা. হাছান মাহমুদ।
সোমবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আদালতের বিরুদ্ধে যদি মন্তব্য করা আদালত অবমাননা হতে পারে তাহলে আদালতের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ডাকা আরো গুরুতর আদালত অবমাননার সামিল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ডেকে বিএনপি মহামান্য আদালতকে অবমাননা করেছে। আমি মহামান্য আদালতকে অনুরোধ জানিয়ে বলতে চাই, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যারা আজকের এই বিক্ষোভ মিছিল ডেকেছে অবিলম্বে যেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমন জারি করা হয়।’
বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘বিএনপি নেত্রী সব সময়ই আদালত অবমাননা করে আসছেন। আদালতে হাজিরার দিন হয় তিনি অসুস্থ থাকেন না হয় হাজিরার দিন বিএনপির পক্ষ থেকে হরতাল ডাকা হয়। আপনার (খালেদা জিয়া) প্রতি অনুরোধ দয়া করে আগামীকাল আদালতে যাওয়ার সময় আপনার সন্ত্রাসী, জঙ্গি বাহিনীকে সাথে নিয়ে যাবেন না। আপনাকে এবং বিএনপি নেতৃবৃন্দকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আগামীকাল যদি হাজিরা দিতে গিয়ে আপনার সন্ত্রাসীবাহিনী ঢাকা শহরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে তাহলে সরকার যেমন তা কঠোর হস্তে দমন করবে তেমনি আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বসে থাকবে না।’
বিএনপির স্থায়ী কমিটি বৈঠক প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘শুনলাম বিএনপি ইউপি নির্বাচনের বাকি ধাপগুলোতে অংশগ্রহণ করবে কি করবে না তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমি বিএনপিকে পরামর্শ দেব না, কারণ বিএনপির পরামর্শ আসে সাত সমুদ্রের ওপার লন্ডন থেকে। শুধু বলবো- বিএনপি যদি নির্বাচন বর্জন করে তবে তাদের পরবর্তীতে খুঁজেও পাওয়া যাবে না। কারণ ৫ জানুয়ারির নির্বাচনে না এসে তারা যে ভুল করেছে সে ভুলের মাশুল তারা এখনো দিয়ে যাচ্ছে। যে দল জনগণের ক্ষমতায় বিশ্বাসী, যে দল জনগণ আশ্রিত সে দল কখনোই নির্বাচন বর্জন করে না। সুতরাং আমি মনে করি, বিএনপি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা বিএনপিকে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবেই দেখতে চাই।’
‘আমরা দেশকে এগিয়ে নিতে যুদ্ধাপরাধীদের দল ছাড়া যেকোন দলের সাথে আলাপ-আলোচনায় বিশ্বাসী। বিএনপির সাথেও আলোচনা হতে পারে, তবে তার আগে অবশ্যই বিএনপিকে যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সঙ্গ ছাড়তে হবে। আন্দোলনের নামে মানুষ হত্যার জন্য, রাজনীতির নামে অতীতের সমস্ত অপকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে’ বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংসদ সদস্য শিরীন নাহিন পুনম, হারুন চৌধুরী, আব্দুল হাই কানু, এম এ করিম ও আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।