বগুড়া প্রতিনিধি : জেলার সোনাতলায় নির্বাচনী সহিংসতায় আহত যুবলীগ কর্মী লিটন মিয়া (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার ভোর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত লিটন মিয়া সোনাতলা উপজেলার পাঠানপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে এবং নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুস সামাদের সমর্থক।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুস সামাদ এবং পরাজিত প্রার্থী সেলিমের কর্মী সমর্থকদের মধ্যে তিনঘণ্টা সংঘর্ষ চলে। এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে উপজেলা প্রশাসন পাঠানপাড়া গ্রামে রোববার বেলা ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
এদিকে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। এদের মধ্যে ৫ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ কর্মী লিটন মিয়া মারা যান।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক(এসআই) শাহ আলম জানান, লাশ মর্গে রয়েছে।

