নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) বিএনপি জনগণের কাছে যেতে ব্যর্থ হয়ে লজ্জার হাত থেকে বাঁচতে তারা এখন নির্বাচন থেকে বেরুনোর চিন্তা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নেরে জবাবে এ মন্তব্য করেন তিনি।
হানিফ বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এখানে প্রতিটি জনগণ ও রাজনৈতিক দলের অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণের ও বর্জনের এবং কেউ যদি ব্যর্থ হয়ে নির্বাচন বর্জন করতে চায়, তাহলে তো অন্য কারো কিছু বলার থাকে না। তবে বিএনপিকে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসতে হলে এ ব্যর্থতা মেনে নিতে হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট উদ্বেগ প্রকাশ করেছেন এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, আমাদের দেশের মানুষের একটা মারাত্মক প্রবণতা আছে, কিছু হলেই তারা বিদেশি রাষ্ট্রদূতদের কাছে যায়। আর তখনই তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন। বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন। ওই সব দেশের কেউ কী তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের রাষ্ট্রদূতকে প্রশ্ন করে? আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতের কোনো সাংবাদিক কী প্রভাবশালী কোনো রাষ্ট্রের রাষ্ট্রদূতকে তাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করে? আমার জানামতে কেউ এটা করে না। কিন্তু আমাদের মধ্যে এ প্রবণতাটা বেশি, কোনো কিছু হলেই আমরা বিদেশি রাষ্ট্রদূতদের কাছে দৌড়ে চলে যাই। কেন? এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
হানিফ বলেন, আমরা সহিংসতা চাই না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। যুক্তরাষ্ট্রেও প্রতিনিয়ত হত্যার ঘটনা ঘটছে, এর মানে কী সে দেশের সরকার ব্যর্থ? আসলে বিভিন্নস্থানে একাধিক মেম্বার প্রার্থী থাকার কারণে দেখা যায় সামাজিক, গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে কিছু সহিংসতা হচ্ছে। এসব কীভাবে এড়ানো যায় সে পদক্ষেপ নিতে হবে। এ ধরনের ঘটনা যেন না ঘটে সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধও জানান তিনি।
এর আগে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কর্মসূচি উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে একই জায়গায় যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের কর্মসূচি ঘোষণা করে হানিফ বলেন, ওই দিন ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। এছাড়া মুজিবনগরে ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সাড়ে ১০টায় মুজিবনগরের আম্রকাননের শেখ হাসিনা মঞ্চে সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন খসরু প্রমুখ।

