সিলেট প্রতিনিধি : স্যানিটারি মালামাল ভাড়া না দেয়ায় ব্যবসায়ীর বাসায় হামলা চালানো হয়েছে। এ সময় হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। মারধর করে ব্যবসায়ী রহমত আলীর গর্ভবতী স্ত্রী রুসেনা বেগমকেও।
বৃহস্পতিবার রাত ৯টায় সিলেট নগরীর ঘাসিটুলা মোল্লাপাড়ায় ১৫১ সবুজসেনা বাসায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় রহমত আলী বাদি হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
রহমত আলী অভিযোগপত্রে উল্লেখ করেছেন, নগরীর গাইপাড়া মোকামবাড়ির আব্দুল হকের ছেলে সাইদুল ইসলাম গত ১৫ মার্চ রহমত আলীর মালিকানাধীন বেতেরবাজারস্থ সুনিয়া স্যানিটারিতে গিয়ে ডিপ টিউবওয়েলের মালামাল ভাড়া চান। রহমত আলী তাকে মালামাল ভাড়া না দেয়ায় সাইদুল তাকে শাসিয়ে চলে যান। গত ২৯ মার্চ রহমত আলীর কর্মচারী আজির রহমানকে বাম পায়ে ছুরিকাঘাত করে সাইদুল ইসলামসহ একদল সন্ত্রাসী। উভয় ঘটনা রহমত আলী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান।
বৃহস্পতিবার রাত ৯টায় সাইদুল ইসলাম এবং তার ভাই সামছুল ইসলাম, আরিফ মিয়া, সাইফুল ইসলাম ও শফিকুল ইসলাম ১৫১ সবুজসেনাস্থ রহমত আলীর ভাড়াটিয়া বাসায় হামলা চালায়। এ সময় তারা রহমত আলীর মোটর সাইকেল (নং-সিলেট হ-১২-৮৬২৯) ও আসবাবপত্র ভাঙচুর করে। মারধর করে রহমত আলীর গর্ভবতী স্ত্রীকেও। ঘরে থাকা স্টিল আলমারি ভেঙে এক লাখ ত্রিশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, রহমত আলী বাদি হয়ে থানায় এজাহার দিয়েছেন। বিষয়টি তদন্ত করে মামলা রেকর্ড করা হয়েছে।

