নিজস্ব প্রতিবেদক : জিজ্ঞাসাবাদের নামে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক তনুর পরিবারের প্রতি সব ধরনের হয়রানি বন্ধসহ তনু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তার এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।
মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে সমাবেশে করেছে সংগঠনটি।
সমাবেশে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য কমরেড নূর আহমদ বকুল বলেন, ‘জাতির জন্য খুবই হতাশার বিষয় হলো, সেনানিবাসের অভ্যন্তরে তনুর মরদেহ উদ্ধার হলেও এখন পর্যন্ত তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রহতি হয়নি। এদিকে যখন সারা দেশ বিষয়টি নিয়ে বিক্ষোভে ফেটে পরছে তখন আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনী তনুর পরিবারের সদস্যদের ধরে নিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের স্বার্থে তারা যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু একটি শোক সন্তোপ্ত পরিবারকে ধরে নিয়ে গিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করার কি প্রয়োজন তা কিছুতেই বোধগম্য নয়।’
এসময় আইন-শৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞাসাবাদের নামে তনু পরিবারের প্রতি হয়রানি বন্ধের আহ্বান জানান তিনি।
সমাবেশ থেকে সংগঠনটির পক্ষ থেকে দাবি উত্থাপন করে বলা হয়, তনু হত্যার সুষ্ঠু তদন্ত করা, দোষীদের গ্রেপ্তার ও বিচার করা, গৃহকর্মী জান্নাত আকতার শিল্পী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার করাসহ দেশে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যা বন্ধে আইনের সঠিক প্রয়োগ করতে হবে।
সমাবেশে আরো বক্তব্যে রাখেন- সংগঠনের নগর কমিটির সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক কিশোর রায়, কেন্দ্রীয় কমটির সদস্য মোস্তফা আলমগীর রতন ও বিশিষ্ট শ্রমিক নেতা ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।

