হবিগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার চাঁনপুর এলাকায় ও জেলার মাধবপুর উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছেন।
সোমবার দুপুর ১২টার দিকে এই দুই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার চানপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে টমটম চালক আজমান মিয়া (৪০) ও জেলার মাধবপুর চৌমুহনী এলাকার হরিণখোলা সেনা স্মৃতি একাডেমির ২য় শ্রেণির ছাত্রী মীম আক্তার (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের টমটম চালক আজমান মিয়া শাহপুর বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে প্রচণ্ড ঝড়ের কবলে পড়েন তিনি। এক পর্যায়ে তার ওপর বজ্রপাত পড়লে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বজলুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মাধবপুর চৌমুহনী এলাকায় মীম আক্তার নামে এক স্কুলছাত্রী স্কুল শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

