চট্টগ্রাম প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কবির স্টিল মিলের সামনে লরিচাপায় শ্রমিক নিহতের জের ধরে প্রতিষ্ঠানটির আনসার সদস্যদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আনসার সদস্যদের গুলিতে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কবির স্টিল মিলের মূল ফটকে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, রাস্তার দু’পাশে আটকা পড়েছে কয়েকশ গাড়ি। পরে প্রশাসনের হস্তক্ষেপে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন তারা।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আনসার সদস্যদের গুলিতে পাঁচ এলাকাবাসী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’
এর আগে সকাল ৮টার দিকে স্টিল মিলের লরিচাপায় মো. সুমন (২৮) নামে এক শ্রমিক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত সুমনের ছোট ভাই মিন্টুকে (১৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে কাজে যোগ দেয়ার জন্য রাস্তা পারাপার হচ্ছিলেন সুমন ও মিন্টু। এসময় স্টিল মিলের মূল ফটক পার হওয়ার সময় মালামাল নিয়ে বের হওয়া একটি লরিতে চাপা পড়েন দু’জন। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা মিন্টুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে ১১টার দিকে এলাকাবাসী সুমন নিহতের প্রতিবাদে স্টিল মিলের মূল ফটকে জড়ো হলে আনসার সদস্যদের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আনসার সদস্যদের গুলিতে অন্তত পাঁচজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় দায়িত্বপালনের সময় সীতাকুণ্ড থানার এসআই সাইফুল্লাহ বিক্ষুব্ধ জনতার মারধরের স্বীকার হন।
সীতাকুণ্ড থানার এসআই জাহেদুল ইসলাম জসিম বলেন, ‘আনসার সদস্যদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় কবির স্টিল মিলের পাঁচ কর্মকর্তাকে আটক করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাষে এলাকাবাসী অবরোধ তুলে নিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

