টাঙ্গাইল প্রতিনিধি : মধুপুর উপজেলার গাংগাইর এলাকায় ট্রাকের চাপায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিহাতী উপজেলার মশাজান এলাকার মৃত ফটিক উদ্দিনের ছেলে জামাজ উদ্দিন (৫৫), সোহেল মিয়ার মেয়ে সামিয়া (৮) ও রিয়াজ উদ্দিনের ছেলে রাইজ উদ্দিন (৬০)।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম (ওসি) জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ভটভটিতে চড়ে নিহতরা টাঙ্গাইল যাচ্ছিল। পথিমধ্যে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গাংগাইর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক জন মারা যান। পরে আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

