নিজস্ব প্রতিবেদক : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘অবিলম্বে জাতীয় সংসদের নির্বাচন দিয়ে নিজেদের গণতান্ত্রিক মানসিকতার প্রমাণ দিতে হবে সরকারকে। সংসদ নির্বাচন দিলেই সরকারের গণতান্ত্রিকতার প্রমাণ মিলবে।’
বুধবার (২৩ মার্চ) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদের প্রথম পর্যায়ের নির্বাচনের ফলাফল দেখে মনে হচ্ছে, শতকরা ৯৫ ভাগের বেশি ভোট আওয়ামী লীগের পক্ষে পড়েছে। যদি এটা সত্যই হয়, তা হলে নির্বাচনকালীন সময়ে কিছুদিনের জন্য সরকার থেকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে সংসদ পুনর্গঠনের পথে সরকারের পক্ষে নৈতিক বাঁধা কোথায়?’
বিবৃতিতে সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমি সরকারকে আহ্বান করবো, অবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করুন, আপনাদের সরকার আসলেই গণতান্ত্রিক।’

