নিজস্ব প্রতিবেদক : ৮৬তম জন্মদিনে ছোটভাই জিএম কাদের, ছেলে সাদ, পুত্রবধু, এরিখ, পালিত কন্যা মেহজাবিন ও অনন্যা হোসেন মৌসুমীসহ পরিবারের আত্মীয় স্বজন, দলীয় নেতা-কর্মীর ভালবাসায় সিক্ত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
জন্মদিন উপলক্ষে রোববার ১২.১মিনিট থেকে রাত পর্যন্ত নিজ পরিবার, আত্মীয় স্বজন ও দলের নেতা-কর্মীরা কেক কেটে, ফুলের বন্যা ভাসিয়ে শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে সাবেক এ রাষ্ট্রপতিকে অভিবাদন জানান। কামনা করেন তার দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য।
জন্মদিন উপলক্ষে রাতেই ছেলে সাদ এরশাদ ও পুত্রবধু, কন্যা মেহজাবিন ও এরিখ এরশাদকে নিয়ে একসঙ্গে ডিনার করেন এরশাদ। রাত ১২.১মিনিটে ছোটভাই জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের, পালিত কন্যা অনন্যা হোসেন মৌসুমী ও তার পরিবার, ছেলে এরিখ এরশাদ ও দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারকে নিয়ে বারিধারার বাসায় কেক কাটেন সাবেক এ রাষ্ট্রপতি। জাতীয় যুবসংহতি এ আয়োজন করে। তারপর এরশাদ মহাসচিবের আনা কেক কাটেন। এরপর পালিত কন্যা মৌসুমীর কেক কাটেন তিনি।
রোববার সকাল ৯টায় রাজধানীর বনানী অফিসে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন এরশাদ। সেখানে মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলাকে নিয়ে কেক কাটেন। সকাল ১০টায় রাজধানী গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে কেক কাটেন মহানগর উত্তর জাতীয় পার্টি। এ সময় দলের কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী মহানগর উত্তর সভাপতি এসএম ফয়সল চিশতী ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহম্মদ বাবুলসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া এরশাদের বারিধারাস্থ বাসভবনে এবং বনানী কার্যালয়ে সালমা ইসলাম এমপি ও অন্যন্যা হোসাইন মৌসুমী নেতৃত্বে জাতীয় মহিলা পার্টি, সাইদুর রহমান টেপা ও লিয়াকত হোসেন চাকলাদারের নেতুত্বে জাতীয় কৃষক পার্টি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া ও বেলাল হোসেনের নেতৃত্বে জাতীয় যুবসংহতি, সৈয়দ ইফতেখার আহসান ও মিজানুর রহমান মিরুর নেতৃত্বে সংগঠনের নেতারা জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং এরশাদকে শুভেচ্ছা জানান।
সন্ধ্যায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এরশাদের জন্মদিন উপলক্ষে গুলশানের ওয়েস্টিনে ডিনারের আয়োজন করেন। পার্টির চেয়ারম্যানের ৮৬ তম জন্মদিন স্মরণীয় করে রাখতে ৮৬ পাউণ্ড কেক নিয়ে আসেন দলের মহাসচিব। দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে এই কেক কাটেন এরশাদ। ডিনারে ঢাকায় অবস্থানরত বিদেশী কূটনৈতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষপর্যায়ের নেতারা অংশ নেন।
রোববার বিকালে শ্যামপুর থানা যুবসংহতির উদ্যোগে শ্যামপুর বালুর মাঠে এরশাদের জন্মদিন উপলক্ষে একটি বিশাল আকৃতির কেক কাটা হয়। কেক কাটেন মহানগর জাপা নেতা সুজন দে, শেখ মাসুক, মারুফ হোসেন মাসুম প্রমুখ।
এইচ এম এরশাদ ১৯৩০ সালের ২০ মার্চ কুড়িগ্রাম জেলায় তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৭৫ সালের ২৪ আগস্ট ভারতে প্রশিক্ষণরত অবস্থায় তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। পরবর্তী সময় তিনি সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হন। পরে গঠন করেন জাতীয় পার্টি।

