ঢাকাThursday , 10 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপাল বিষয়ে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হচ্ছে

Link Copied!

anu-mohammadনিজস্ব প্রতিবেদক : উন্নয়নের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সুন্দরবনকে ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষায় জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। একইসঙ্গে প্রকৃতির বিস্ময় সুন্দরবন ধ্বংসের ষড়যন্ত্র নিয়ে লেখায় গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিশ্বের বৃহত্তম এ ম্যানগ্রোভ বনকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সুন্দরবন অভিমুখে জনযাত্রার উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিশেষজ্ঞ ও ব্যাপক জনগোষ্ঠীর মতামত উপেক্ষা করে ভারত ও বাংলাদেশের কিছু মুনাফালোভী ব্যক্তির স্বার্থ হাসিল করতে সরকার পরিকল্পিতভাবে সুন্দরবনকে ধ্বংস করছে।’
রামপাল বিদ্যুৎ প্রকল্পকে বিশ্বাসঘাতক প্রকল্প আখ্যা দিয়ে আনু মোহাম্মদ বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের চার কোটি মানুষের জীবন-জীবিকা ধ্বংস হয়ে যাবে। তাই কোনোভাবেই এ প্রকল্প বাস্তবায়িত হতে দেয়া যাবে না।’
তিনি বলেন, ‘উন্নয়নের নামে সরকারের সন্ত্রাস ও জনবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনগণই একমাত্র সম্বল। তাই দেশের সব শ্রেণী-পেশার মানুষকে এ অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
জনযাত্রা প্রসঙ্গে আনু মোহাম্মদ বলেন, ‘জনযাত্রার প্রথম দিন ১০ মার্চ ঢাকা-সাভার-মানিকগঞ্জ হয়ে ফরিদপুর পৌছাবে। ১১ মার্চ ফরিদপুর-মাগুরা-ঝিনাইদহ হয়ে যশোর। ১২ মার্চ যশোর-নোয়াপাড়া হয়ে খুলনা এবং ১৩ মার্চ খুলনা-বাগেরহাট-কাটাখালীতে গিয়ে সমাপনী সমাবেশে মিলিত হবে।’
‘রামপাল-ওরিয়ন বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সকল অপতৎপরতা বন্ধ ও জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের’ দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষায় জাতীয় কমিটি এ জনযাত্রার আয়োজন করে। জনযাত্রা কর্মসূচির উদ্বোধনী সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি-বাসদের কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি,গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।