
প্রধানমন্ত্রীর সম্মাননা স্মারক হাতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)’র মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. কামাল উদ্দিন
নিজস্ব প্রতিবেদক : ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর সফল বাস্তবায়ন এবং গবেষণা ও বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনে অবদান রাখায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) প্রধানমন্ত্রীর সম্মাননা পেয়েছে। গত ৬ মার্চ পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেআরআই’র মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. কামাল উদ্দিনের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাটপণ্য মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট গবেষণা এবং বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী পাটবস্ত্র ও পাটশিল্পকে উৎসাহিত করতে মেলায় পাটের তৈরি শাড়ি ও জুতা পড়ে আসেন বলে জানা গেছে। এ সময় তিনি বিজেআরআই উদ্ভাবিত পাট পাতা দিয়ে তৈরি চা পান করেন এবং সুস্বাস্থ্যের জন্য পাট পাতার চায়ের গুনাগুণের কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এ সময় পাট শ্রমিকের স্বাস্থ্য বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন বলেও জানা গেছে।
পাটপণ্য মেলার সফল বাস্তবায়নে বিজেআরআই’র পক্ষে পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. নাসিমুল গনি বিভিন্ন কমিটিতে অগ্রণী ভূমিকা পালন করেন বলে জানা গেছে। সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সকল পরিচালকসহ ঊর্ধ্বতন বিজ্ঞানী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

