নিজস্ব প্রতিবেদক : মাথায় ১০ থেকে ১২টি ইট। একেকটির ওজন তিন কেজি করে হলেও ত্রিশ-পঁয়ত্রিশ কেজি ওজনের ইট মাথায় নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিচ্ছেন তারা। মাথার ওপর সুশৃঙ্খলভাবে ওই ইটগুলো থাকলেও জীবন তাদের এলেবেলে।
রাজধানীর কেরানিগঞ্জের মোল্লাগঞ্জের এক ইটভাটায় কাজ করেন এই নারী শ্রমিকেরা। ইটের ভারে নুয়ে পড়তে চাওয়া মাথাগুলো কোনোরকমে সোজা করেই দিন গুজরান করতে হয় তাদের। অর্থকড়ি খুব একটা যে পান তাও নয়। তবু বেঁচে থাকার তাগিদেই দিনের পর দিন এ কাজ করে যেতে হয় নারীদের।
শুধু যে তরুণ বয়সের নারীরাই এ কাজ তা নয়, শিশু থেকে বয়সের ভারে ন্যুব্জ বৃদ্ধকেও পেটের দায়ে এই ইটের বোঝা বইতে হয়।
হাড়ভাঙা পরিশ্রমের কারণে তৃতীয় ছবির মেয়েটির মুখে হাসি ফুটে থাকলেও তার জীবন সুখের নয়। এ বয়সে যার হাতে বই থাকার কথা ছিল, শুভ্র-নীল পোশাক পরে বিদ্যালয়ের ক্লাসরুমে, খেলার মাঠে হুল্লোড়ে মেতে থাকার কথা ছিল, সে জীবন জ্বলছে ইটভাটায়। জোয়ারের আগে তাদের জীবনে নেমে আসে ভাটা।

