
সমঝোতা স্মারক বিনিময় করছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম ও পিডিএফ-এর ভাইস প্রেসিডেন্টে এম মামুনুর রশিদ
নিজস্ব প্রতিবেদক : প্রতিবন্ধী যুবদের উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তর ও ফিজিক্যালি চ্যালেঞ্জড্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-Physically Challenged Development Foundation (পিডিএফ)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার রাজধানীর মতিঝিলস্থ যুব ভবনের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠান দু’টির মধ্যে ২০তম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পিডিএফ’র পক্ষে ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এম মামুনুর রশিদ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক আনোয়ারুল করিম স্মারকে স্বাক্ষর করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) যুগ্ম সচিব আবুল হাছান খান, পিডিএফ’র পরামর্শক যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক পরিচালক আল আমিন চৌধুরীসহ প্রতিষ্ঠান দু’টির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহাপরিচালক অনোয়ারুল করিম বলেন, প্রতিবন্ধী যুবদের উপযোগি প্রশিক্ষণের তেমন কোন ব্যবস্থা আমরা করতে পারিনি; যা করেছি তা-ও সামান্য। এ ক্ষেত্রে আমরা পিডিএফ’র সহযোগিতা নিতে পারি। এ লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো। তিনি বলেন, প্রতিবন্ধীদের মধ্যে আজ অনেকেই সাফল্য দেখাচ্ছে; তাদের এই সফলতার পেছনে কারো না কারো অবদান রয়েছে। তাদেরকে সাথে নিয়েই আমরা প্রতিবন্ধীবান্ধব একটি পরিবেশ গড়ে তুলতে চাই। তিনি এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন প্রতিটি ভবনে অন্তত একটি প্রতিবন্ধীবান্ধব টয়লেট নির্মাণের আশ্বাস প্রদান করেন। যুব উন্নয়ন অধিদপ্তর ও পিডিএফ’র যৌথ প্রয়াসে এ উদ্যোগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আবুল হাছান খান বলেন, সুষম উন্নয়নের লক্ষ্যে শারীরিক প্রতিবন্ধী যুবদের অন্তর্ভুক্ত করে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে পিডিএফ’র সাথে যৌথ উদ্যোগে আমরা কাজ করতে পারি। ইতোমধ্যে আমাদের প্রশিক্ষণ কর্মসূচিতে বিনা খরচে প্রতিবন্ধী, স্নায়ুবিকাশ ও অটিজমে আক্রান্ত যুবদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পিডিএফ’র সহায়তায় এ সুযোগ আরো প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এম মামুনুর রশিদ প্রতিবন্ধী যুবদের আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সহায়তা প্রদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়ে পিডিএফ’র কর্মসূচি নিয়ে নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন করেন। এ সময় তিনি বলেন, আমাদের জনশক্তির ১৬ ভাগ প্রতিবন্ধী। এ অংশটিকে কাজে লাগানো এবং উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার লক্ষ্যে নেতৃত্ব উন্নয়নের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী যুবদের স্কলারশিপ দেয়াসহ ক্রীড়া ক্ষেত্রেও তাদের একইভাবে সম্পৃক্ত করা হচ্ছে বলে জানান তিনি। প্রতিবন্ধীবান্ধব প্রতিষ্ঠান গড়ার জন্যও একইভাবে ক্যাম্পেইন চলছে বলেও জানান তিনি। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের নবনির্মিত ভবনগুলো প্রতিবন্ধীবান্ধব করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে পিডিএফ’র পক্ষ থেকে প্রতিবন্ধী এক যুবকের মুখ দিয়ে আঁকা একটি ছবি মহাপরিচালককে উপহার প্রদান করা হয়।

