নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল বলেছেন, ‘বিএনপি জোট ছেড়ে ইসলামী ঐক্যজোট বেরিয়ে যাওয়ায় আওয়ামী লীগের উল্লসিত হওয়ার কিছু নেই। বরং আওয়ামী লীগ মহাজোটের ঐক্য যেন সুদৃঢ় হয়, সেদিকে আরো মনোযোগী হওয়া উচিত।’
রোববার দুপুরে কলাবাগানে নিজের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এম এ আউয়াল এ কথা বলেন। আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহাবুব উল আলম হানিফের দেয়া ‘বিএনপি থেকে আরো দল বেরিয়ে যাবে’ এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
আউয়াল বলেন, ‘বিএনপি জোটের সমালোচনা না করে আওয়ামী লীগের উচিত মহাজোটকে আরো শক্তিশালী করা, গতিশীল করা। রাজনীতিতে ভাঙা-গড়া থাকবেই। ফলে মহাজোট যেন আরো কার্যকর হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
তরিকত ফেডারেশনের আগামী দিনের পরিকল্পনার বিষয়ে তিনি জানান, অচিরেই দলের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে শুরু হবে। দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভাণ্ডারীর নেতৃত্বে সারাদেশে কেন্দ্রীয় নেতারা সফর করবেন। পাশাপাশি জঙ্গিবাদবিরোধী একটি অরাজনৈতিক অ্যালায়েন্স করার চিন্তাভাবনা চলছে বলেও তিনি জানান।
ইসলামী ঐক্যজোটের বিএনপি জোট ছেড়ে আসার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে ঐক্যজোটের জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। তিন মাসের অবরোধকে কেন্দ্র করে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি অনুশোচনা করা দরকার। না হলে জাতি ঐক্যজোটকে ক্ষমা করবে না।’
জামায়াত-নিষিদ্ধ প্রশ্নে সরকারের ধীরগতির সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা বরাবর বলে এসেছি, দেশবাসীর কাছে জামায়াত নিষিদ্ধ করার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত বলে আমি মনে করি।’
এসময় উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের প্রেসিডিয়ামের সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী, মসনভী হায়দার ও সৈয়দ তয়্যবুল বসর মাইজভাণ্ডারীসহ কেন্দ্রীয় নেতারা।

