নিজস্ব প্রতিবেদক : ১৯৮৫ সালের ১০ জানুয়ারি তৎকালীন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সবার জন্য মাতৃভাষায় বিজ্ঞানভিত্তিক বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে গত তিন দশক ধরে সাংগঠনিক সংগ্রাম করে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক ও সাধারণ সম্পাদক আশরাফুল আলমসহ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা মহানগর সভাপতি রায়হান তাহরাত লিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি উম্মে হাবিবা বেনজির প্রমুখ।
আগামীকাল কেন্দ্রীয় মিছিল ও সমাবেশের কর্মসূচি রয়েছে। এছাড়া সারাদেশে বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এছাড়া লড়াই-সংগ্রামের তিন দশক পূর্তিতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
এদিকে গত তিন দশকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক শিক্ষা আন্দোলন ও সকল জাতীয় গুরুত্বপূর্ণ আন্দোলনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নেতৃত্বদানকারী ভূমিকা পালন করে আসছে।

