নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের কোনো সংগঠন থাকতে পারে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ২০১৬ সালের মধ্যেই এ দেশ থেকে জামায়াতের রাজনীতিকে নিষিদ্ধ করা হবে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। সর্বোচ্চ আদালতে যুদ্ধাপরাধীর ফাঁসির রায় বহাল থাকায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং জামায়াতের হরতালের প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করে রমনা থানা আওয়ামী লীগ ।
কামরুল ইসলাম বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একে একে সব যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিজামীর বিচার সম্পন্ন হয়েছে। এই বিচারের রায় কার্যকর করা এখন সময়ের ব্যাপার মাত্র। এ রায় কার্যকর করা হবে, এতে কোনো সন্দেহ নেই।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে তিনি বলেন, ‘পাকসেনাদের প্রেমে যারা বিভোর, শহীদদের যারা অবমাননা করে, শহীদ নিয়ে কটুক্তি করে, আগুনসন্ত্রাস চালায়, হরতালের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে, আমরা পর্যায়ক্রমে তাদেরও বিচার করব।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘একাত্তরে আমরা যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনিভাবে ঘাতক, দোসর, জঙ্গি ও পাকপ্রেমিদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ হতে হবে।’
রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

