নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রায়েরবাগে বাসের ধাক্কায় সাহারা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ মারা গেছেন।
রোববার সকাল পৌনে ৬টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
সাহারার স্বামী ইউনুস শেখ জানান, সকাল পৌনে ৬টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় একটি বাস সাহারা খাতুনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাহারাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের উপপরিদর্শক(এসআই) মোজাম্মেল হক জানান, কদমতলীর ওয়াসা রোডের রফিকের বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন সাহারা খাতুন। তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে।

