ঢাকাSunday , 3 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

Link Copied!

rapeগোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগে ওই স্কুলের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই স্কুলের ম্যানেজিং কমিটি এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে এ সিদ্ধান্ত নেয়।
এ ঘটনার পর থেকে শিক্ষক আবদুল্লাহ আল মামুন এলাকা ছেড়ে পালিয়েছেন। তার বাড়ি জেলার কাশিয়ানী উপজেলার মহানাগ গ্রামে।
শুকতাইল ইউপি চেয়ারম্যান শেখ মো. আবেদ আলী জানান, শুকতাইল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুন ওই গ্রামের একটি বাড়িতে গৃহশিক্ষক থাকতেন। এই সুযোগে তিনি ওই বাড়ির এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। তিনি মোবাইল ফোনে কিছু গোপন ভিডিও ধারণ করে ওই শিক্ষার্থীকে ব্ল্যাকমেল করে যাচ্ছিলেন।
পরে ওই শিক্ষক গ্রামের বাড়ি গেলে তার স্ত্রী ভিডিওচিত্রটি দেখে ফেলেন এবং ওই ছাত্রীর প্রতিবেশী জাহিদের মোবাইল ফোনে তা ট্রান্সফার করেন। পরে জাহিদ ওই ভিডিওচিত্র এলাকার অন্যদের দেখান।
এদিকে শনিবার বিকেলে শুকতাইল নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালালউদ্দিন অংশ নিলে এলাকাবাসী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে। এ সময় তিনি অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করার জন্য উপস্থিত ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে নির্দেশ দিলে জরুরি সভা ডেকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আবদুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইদ্রিস আলী জানান, এলাকাবাসীর অভিযোগের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। ওই শিক্ষকও অনুষ্ঠানে ছিলেন। কিন্তু অভিযোগ ওঠার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরো জানান, ওই ছাত্রীর পক্ষ থেকে অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালালউদ্দিন বলেন, ‘শুকতাইল নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। সেখানে স্থানীয়রা সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগ করেন। আমি ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার জন্য উপস্থিত ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে নির্দেশ দিই।’
এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত শিক্ষক আবদুল্লাহ আল মামুনের মোবাইল ফোনে বারবার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।