বগুড়া প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের নায়েক সারফুল আলম (৩০) নিহত হয়েছেন।
শুক্রবার ভোর রাতে বগুড়া শহরের শেরপুর রোডের কানছগাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সারফুল আলম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সুসৃষ্টি গ্রামের নবীর উদ্দিনের ছেলে। তিনি বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
জানা গেছে, থার্টি ফার্স্ট নাইটের ডিউটি শেষে রাত আনুমানিক ৩টার দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে সিএনজি অটোরিকশায় পুলিশ লাইনে ফিরছিলেন। পথে শেরপুর রোডের কানছগাড়ীতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। সামনের সিটে বসা নায়েক সারফুল আলম ছিটকে রাস্তার উপর পড়ে যান। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
সদর থানার ওসি আবুল বাসার দুর্ঘটনায় পুলিশ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

