দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে মো. নুরুজ্জামান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ভারতের একটি হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় তিনি মারা যান। নিহত নুরুজ্জামান দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম চেনপাড়া গ্রামের মো. সহিদুর রহমানের ছেলে। তিনি সীমান্তে গরু আনা নেয়ার কাজ করতেন।
২৯ বিজিবি অধিনায়ক লে কর্নেল মো. কোরবান আলী জানান, নুরুজ্জামান বুধবার রাত আড়াইটার দিকে বড়গ্রাম সীমান্তের ৩১২নং মেইন পিলার পেরিয়ে ভারতের ২শ গজ অভ্যন্তরে দক্ষিণ দিনাজপুরের এলেনদারী নামক স্থানে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে বিএসএফ তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলে সেখানে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। এ ব্যাপারে লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি প্রদান করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

