ফেনী প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ কাইচ্ছুটি গ্রাম থেকে বিদেশি অস্ত্রসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে ফেনীস্থ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাত আড়াইটার দিকে কাইচ্ছুটি গ্রামের আনোয়ার ভূঁইয়া সুমনের বাড়িত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার মো. ইসমাইল হোসেন দুলাল (৩১), কাইচ্ছুটি গ্রামের আনোয়ার ভূঁইয়া সুমন (৩৬) ও মীর হোসেন (৫০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, চার রাউন্ড বুলেট, ৩২ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়।
ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মোজাম্মেল হোসেন জানান, আটককৃত তিনজন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগেও র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা মাদক দ্রব্যসহ আনোয়ার ভূঁইয়া সুমনকে আটক করেছিল।

