
প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি’র হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করছেন ড. মো. শাফায়েত হোসেন। মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ -পাঞ্জেরী
নিজস্ব প্রতিবেদক : সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে বীজ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিভাগের উপব্যবস্থাপক ড. মো. শাফায়েত হোসেন। সম্প্রতি পাক্ষিক কৃষি প্রযুক্তি পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর খামারবাড়িস্থ আ.কা.মু. গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। এ সময় তথ্যমন্ত্রী পত্রিকার পক্ষ থেকে ১০ জন লেখক ও ৪ জন সাংবাদিককে বিশেষ সম্মাননা পদক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)’র নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র মহাপরিচালক মো. হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. নীতিশ চন্দ্র দেবনাথ, প্রাক্তন ভাইস চ্যান্সেলর, সিভিএএসইউ, চট্টগ্রাম।

