বরগুনা প্রতিনিধি : পৌরসভার ভোট কেন্দ্রেই গুলিবিদ্ধ হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. কামরুল আহসান মহারাজ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার পথে তাকে গুলি করে দুর্বৃত্তরা।
এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেলারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক বলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পাঠায়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা সরকারি কলেজ ও বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে কয়েকটি ককটেলের বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ কারণে দুপুর পৌনে ১২টার দিকে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী অ্যাড. কামরুল আহসান মহারাজ বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে পুলিশের বিরুদ্ধে হুমকি দেয়াসহ বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। পরে তার এজেন্টদের নিয়ে বেরিয়ে যান তিনি।
এদিকে বরগুনা সদর উপজেলার গগণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রিজাইডিং অফিসার, পুলিশের ওসি ও সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভোটকেন্দ্রটি স্থগিত করা হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংঘর্ষকারীদের ওপর লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরগুনা প্রিজাইডিং অফিসার মঞ্জুরুল আলম এ সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেন।

