সাভার প্রতিনিধি : আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক আহতের প্রতিবাদে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে শ্রমিকরা।
মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন-মুরাদ ও শরিফুল।
শ্রমিক ও পুলিশ জানায়, আশুলিয়ার শিমুতলায় নবীনগর থেকে ছেড়ে আসা গ্রামীন সেবা পরিবহনের একটি মিনিবাস বাইসাইকেলে থাকা দুই পোশাক শ্রমিককে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানী নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। শ্রমিক আহতের প্রতিবাদে ঘটনাস্থলে উপস্থিত থাকা শ্রমিকরা উত্তেজিত হয়ে ওই মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়।
এছাড়াও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে চলমানয় ৫-৬টি গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান শ্রমিক অসন্তোষের বিষয়টি নিশ্চিত করে জানান, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়াও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলেও তিনি জানান।

