সিরাজগঞ্জ প্রতিনিধি : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ীতে পিকআপ ভ্যানের চাপায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজন। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেয়ার পথে একজন এবং স্থানীয় হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে সলঙ্গা থানার নাইমুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের সোনা উল্লাহ তালুকদারের ছেলে রিয়াজ উদ্দিন (৩৮), কফিল উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩২), রুয়াপাড়া গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩০) ও চকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল হামিদ (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী পিঁয়াজ বোঝাই একটি ট্রাক ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর উল্টে যায়। এ ঘটনায় মহাসড়কে পিঁয়াজ বোঝাই বস্তা পরে থাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় রিয়াজ ও জাহিদুলসহ আরও কয়েকজনকে ট্রাক থেকে পড়ে যাওয়া পেঁয়াজ কুড়ানোর নির্দেশ দেন। এ সময় বনপাড়াগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটিকে স্ব-জোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান রিয়াজ এবং গুরুতর আহত হন জাহিদুলসহ চারজন। পুলিশ তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান জাহিদুল। বাকি আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মনিরুল ও হামিদ মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ট্রাক ও পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

