ঝালকাঠি প্রতিনিধি : পেট্রোল বোমা-অস্ত্রসহ নলছিটি পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী জাহাঙ্গীরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোমবার সকালে তাদের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- নাজমুল শরীফ, কুদ্দুস খান, আলমগীর খান ও এনায়েতুর রহমান।
নলছিটি থানার পরিদর্শক (ওসি) মাকসুদুর রহমান জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতির সময় সাতাটি পেট্রোল বোমা, দেশীয় ২টি অস্ত্রসহ নাজমুল শরীফকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কাউন্সিলর প্রার্থী কাজী জাহাঙ্গীরসহ অন্যদের গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর নলছিটি পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী। তার প্রতীক পাঞ্জাবি।
পরে সোমবার সকালে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কাউন্সিলর প্রার্থীসহ পাঁচ জনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

