নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের একটি রি-রোলিং মিলের সামেন আক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে জীবন ইসলাম (২৮) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল চৌধুরী বাড়ি এলাকার জুলফিকার রি-রোলিং মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত জীবন ইসলামের বাড়ী খুলনা জেলায়।
অক্সিজেন সরবরাহকারী শ্রমিক রবিউল হোসেন (২৫) ও শহিদুল ইসলাম (৩০) জানান, নিহত জীবন ও তারা রুপগঞ্জের তারাব এলাকা থেকে পিকআপভ্যান ভর্তি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চৌধুরী বাড়ির বিভিন্ন স্থানে সাপ্লাই দিতে আসে। পরে চৌধুরীবাড়ি এলাকার জুলফিকার রি-রোলিং মিলে অক্সিজেন সরবরাহ করার সময় একটি সিলিন্ডার পড়ে যায়। তার প্রায় ১০ মিনিট পর সিলিন্ডারটির উঠাতে গেলে তা বিস্ফোরিত হয়ে জীবন মারাত্মক আহত হয়।
পরে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যার হাসপাতালে নেয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ইফতেখার আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

