রাজশাহী প্রতিনিধি : আত্মঘাতী বোমা হামলার পর রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল সৈয়দপুর বকপাড়ায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে শুক্রবার আছরের নামাজ অনুষ্ঠিত হয়নি। তবে মাগরিব ও এশার ওয়াক্ত থেকে ওই মসজিদে পুলিশের পাহারায় নামাজ অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটার পর ওই মসজিদে আছরের নামাজ হয়নি। ওই সময়ের মধ্যে মসজিদের ভেতরে পড়ে থাকা আত্মঘাতী হামলাকারীর মরদেহ সরানো ও রক্তের দাগ মোছার কাজ চলছিল। সে কারণে ওই মসজিদে আছরের নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা।
পরে মাগরিব থেকে পুলিশের পাহারায় আহমদিয়া সম্প্রদায়ের লোকজন ওই মসজিদে নামাজ আদায় করছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান এ বিষয়ে জানান, শুক্রবারের ঘটনার পর ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মসজিদটি পুলিশের পাহারায় রাখা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হয় তিন মুসল্লি। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

