নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচর মেঘনা নদী থেকে কামরুল ইসলাম নামে এক কার্গোজাহাজের মাস্টারকে অপহরণ করে নিয়ে গেছে জলডাকাত বাহিনী।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে ট্যাংকির খালে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার দুপুর ১২টা অপহৃত মাস্টারকে অভিযানের জন্য কোস্টগার্ডের অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খুলনা থেকে এমবি নির্ঝর ও এমবি ভাগ্যকূল নামে দুটি মালবাহী কার্গো জাহাজ চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। জাহাজ দুটি হাতিয়ার বয়ারচরের মেঘনা নদীর ট্যাংকির খাল এলাকায় পৌঁছলে একদল জলডাকাত জাহাজ দুটিতে হামলা চালায়। এ সময় জলডাকাতরা এমবি ভাগ্যকূলের মাস্টার কামরুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায়।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজের মাস্টার কামরুল ইসলামে মুক্তির জন্য জলডাকাতরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানা গেছে। মাস্টারকে উদ্ধারের জন্য রাত থেকে এখনো পর্যন্ত (শুক্রবার দুপুর ১২টা) হাতিয়া ও রামগতি কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। জাহাজ দুটি বর্তমানে ট্যাংকির খালে রয়েছে।

