নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণসহ দুই চীনা নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এর আগে দুপুরে দুই নারীসহ ৪ জনকে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ আটক করে একই বিভাগ।
আটককৃত দুই চীনা নাগরিক হলেন- চানকক উই (২৪) ও চেন সিম সেপ (৫৮)।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) শহীদুজ্জামান সরকার জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১১২ নম্বর ফ্লাইটে চীনা নাগরিক দু’জন ঢাকায় আসেন। প্রায় ৪ মাস আগেও তারা বাংলাদেশে এসেছিলেন। গোয়েন্দা তথ্য ছিল বিমানবন্দরের নিরাপত্তা পরীক্ষা করার জন্য তারা প্রথম ছোট ছোট চালান নিয়ে এ দেশে আসেন। পরে তাদের বড় চালান নিয়ে আসার কথা।
বিমান থেকে নেমে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের দেহ তল্লাশি করে কোনো স্বর্ণ পাওয়া যায়নি। কিন্তু কোমরে বিশেষভাবে তৈরি বেল্ট দেখে সন্দেহ হয়। পরে তাদের দু’জনের বেল্টের ভেতরে লুকানো ৬টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ৬ কেজি ও মূল্য প্রায় তিন কোটি টাকা।
উদ্ধার করা সোনার বারগুলো কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শহীদুজ্জামান।
প্রসঙ্গত, এর আগে শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ উত্তর কোরিয়া দূতাবাসের কর্মকর্তাকে আটক করা হয়েছিল। পরে অবশ্য তাকে দেশে ফেরত পাঠানো হয়।

