নোয়াখালী প্রতিনিধি : জেলার হাতিয়া থেকে মুক্তিপণের দাবিতে মহিষ পালক চার রাখালকে অপহরণ করে নিয়ে গেছে স্বপন দস্যু বাহিনীর সদস্যরা।
বুধবার সকালে মহিষের মালিকদের কাছে ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই দস্যুরা।
অপহৃতদের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে স্বপন নামে ওই দস্যু বাহিনী মৌলভীরচর থেকে রাখাল শাহেদ, বাহার, শফিক ও লেলিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে দস্যুবাহিনী তাদের রামগতি সীমান্তবর্তী তেল্লারচরে নিয়ে যায়। বুধবার সকালে দস্যুবাহিনী মহিষের মালিক জামাল উদ্দিন ও ইরাক উদ্দিনের কাছে মোবাইল করে ৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর আগেও তারা কয়েকজন রাখালকে অপহরণ করেছিল। পরে মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেয়।
মহিষের মালিক জামাল উদ্দিন ও ইরাক উদ্দিন জানান, ৯ লাখ টাকার মুক্তিপণের জন্য দস্যু বাহিনী অপহৃত চার রাখালকে শারীরিক নির্যাতন করছে।
হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. আমিনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।’

