বাগেরহাট প্রতিনিধি : জেলার সুন্দরবনের শরণখোলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু ‘নয়ন’ বাহিনীর প্রধান ছগীর ভাণ্ডারী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব-৬ এর (খুলনা) অবস অফিসার হারুন-অর- রশীদ জানান, শরণখোলায় ‘নয়ন’ বাহিনী সম্প্রতি সময়ে বেশ কিছু জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বনদস্যু বাহিনীর অবস্থান জানতে পেরে র্যাব -৬ ও বাগেরহাট গোয়েন্দা পুলিশের একটি ইউনিট অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এই বাহিনীর প্রধান ছগীর ভাণ্ডারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঘটনাস্থল থেকে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

