মেহেরপুর প্রতিনিধি : সদর উপজেলার আশরাফপুর গ্রামের চালতাতলা পাড়ায় গ্রামবাসীর গণপিটুনিতে স্থানীয় ডাকাত সর্দার ইজারুল ইসলাম (৪১) নিহত হয়েছেন। এ সময় ডাকাত দলের হামলায় ওই গ্রামের হারেজ আলী (১৪) ও আব্দুর রশিদ (৪২) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
রোববার রাত দুইটার দিকে আশরাফপুর গ্রামের সৌদি প্রবাসি মিন্টু শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি সার্টারগান ও চাইনিজ কুড়াল উদ্ধার করেছে পুলিশ।
নিহত ডাকাত সর্দার ইজারুল ইসলামের বাড়ি সদর উপজেলার ভবনন্দপুর গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে মিন্টু শেখের বাড়িতে ১৪/১৫ জনের একটি ডাকাত দল হানা দেয়। বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় পরিবারের লোকজন ইজারুলকে জাপটে ধরে। পরিবারের চিৎকারে গ্রামবাসী ছুটে আসে। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। তবে গ্রামের মানুষের গণপিটুনিতে ইজারুল ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ডাকাতদের হামলায় স্থানীয় দুইজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি ডাকাতদের ফেলে যাওয়া একটি এলজি সার্টারগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ইজারুল এলাকার চিহ্নিত ডাকাত সর্দ্দার। তার নামে সদর, মুজিবনগর ও গাংনী থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির ১৫ টি মামলা রয়েছে। আত্মগোপনে থেকেই তিনি ডাকাত দল পরিচালনা করে আসছিল। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

