নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে হাজি ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন।
সোমবার বেরা ১২টার দিকে ১০ তলা ওই ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। বেলা পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও বেলা দেড়টার এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কাজ করছিল ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মী জিয়াউর রহমান জানান, প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে অসুবিধা হচ্ছে। তবে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। কিভাবে এই আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
ঢামেকে তার পরিচয়পত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, তিনি অধ্যাপক ডা. এস এম শাহনেওয়াজ দ্বীন তবীব (৪৫)। রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত মিরপুর শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও শিশু হাসপাতালের অধ্যাপক এবং শিশু বিভাগের পরিচালক। এছাড়া তিনি পল্টনে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালের কনসালট্যান্ট হিসেবেও দায়িত্বরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ঢামেকসূত্রে জানা গেছে, সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের সময় তিনি ওই ভবনের একটি ব্যাংকে ছিলেন। অগ্নিকাণ্ডের প্রচণ্ড ধোঁয়ায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এসময় দ্রুত নামতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে অচেতন হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের ধারণা, প্রচণ্ড ধোঁয়ায় শ্বাস নিতে না পারায় তার মৃত্যু হতে পারে। তার শরীরে পোড়া কোনো ক্ষত নেই বলেও জানান তারা।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেন্টু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

